সৈয়দপুরে থাই লটারি প্রতারণার অভিযোগে যুবক গ্রেফতার

অনলাইন জুয়া ও থাই লটারি প্রতারণার অভিযোগে সাহিদকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তার পরিবারের লোকজন পলাতক রয়েছে। তবে তার স্ত্রী ফেসবুকে এক স্ট্যাটাসে তার ব্যাপারে আনীত অভিযোগ অস্বীকার করেছেন।

মো: জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী)

Location :

Saidpur
গ্রেফতার সাহিদ
গ্রেফতার সাহিদ |নয়া দিগন্ত

নীলফামারীর সৈয়দপুরে অনলাইন জুয়া ও থাই লটারি প্রতারণার অভিযোগে সাহিদ (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১২ জুলাই) রাতে শহরের ইসলামবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাহিদ সৈয়দপুরের উপশহর ঢেলাপীর উত্তরা আবাসন এলাকার সিরাজের ছেলে।

জানা গেছে, সাহিদের বাড়ি ঢেলাপীরে হলেও ইসলামবাগে তিনি শ্বশুর জাবেদের বাড়িতে ঘরজামাই হিসেবে থাকেন। তিনি ও তার স্ত্রী আয়েশা ওরফে বাবলি দীর্ঘদিন থেকে থাই লটারি প্রতারণার সাথে জড়িত। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় সাইবার ক্রাইম ও প্রতারণা আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সৈয়দপুর থানার এসআই (তদন্ত) মনির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, সাহিদের কাছ থেকে জব্দ মোবাইলে অনলাইন জুয়া ও থাই লটারির নামে প্রতারণার তথ্য প্রমাণ পাওয়া গেছে।

এলাকাবাসীরা জানায়, সাহিদ অল্পদিনে অনেক টাকার মালিক হয়ে গেছে। অথচ তারা উল্লেখযোগ্য তেমন কোনো কাজ করে না।

ঘটনার পর থেকে সাহিদের পরিবারের লোকজন পলাতক রয়েছে। তবে তার স্ত্রী এক ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে তার ব্যাপারে আনীত অভিযোগ অস্বীকার করেছেন এবং এই ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে সাহিদের মুক্তি দাবি করেছেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, ‘নির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতেই পুলিশ অভিযান চালিয়ে সাহিদকে আটক করেছে। এরপর তদন্ত পূর্বক নিশ্চিত হয়েই রোববার রাতেই তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার সকালে তাকে নীলফামারী আদালতে পাঠানো হয়।’