রাজধানীর কাফরুলের মিরপুর-১৩ এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে মো: ইউসুফ আলী (৪৫) নামে এক যুবদলকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরো দুইজন।
শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে মিরপুর-১৩ নম্বরের ওপেক্স গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ইউসুফ আলী বরিশালের উজিরপুর উপজেলার শাকরাল এলাকার মরহুম শাহজাহানের ছেলে। তিনি কাফরুল থানার যুবদলের কর্মী ছিলেন।
গুলিবিদ্ধ মনির হোসেন (৩২) মাদারীপুর জেলার শিবচর উপজেলার মালেক শিকদারের ছেলে। তিনি পেশায় ফুটপাতে কাপড় ব্যবসায়ী। তার বাম পায়ে গুলি লেগেছে।
অন্য আহত নালাম সরদার (৪৫) পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার হোগলাবালিয়া এলাকার ইয়াসিন সরদারের ছেলে। তিনি পেশায় ফুটপাতে কাঁচামাল ব্যবসায়ী। তার মাথার ডান পাশে গুলি লেগেছে।
আহতদের হাসপাতালে নিয়ে আসা মামুন ও সজীব জানান, রাত ১১টার দিকে মিরপুর-১৩-এর ই-ব্লকের ওপেক্স গার্মেন্টসের সামনে চার থেকে পাঁচজন অজ্ঞাতনামা দুর্বৃত্ত এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে তিনজন গুলিবিদ্ধ হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তিনজনকে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ১টার দিকে ইউসুফ আলীকে মৃত ঘোষণা করেন। আহত নালাম সরদার ও মনির হোসেন বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।



