রাজধানীর ধানমন্ডি থানার মধুবাজার এলাকার একটি বাসায় বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মোহাম্মদ রাসেল (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) রাত ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ফারুক খান জানান, আমরা খবর পেয়ে ধানমন্ডি মধুবাজার এলাকার একটি বাসার সামনে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পড়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, আমি এলাকার মানুষের কাছ থেকে জানতে পারি, নিহত বিদ্যুতের তার চুরির উদ্দেশ্যে ওই এলাকায় যান। হাত দিয়ে বিদ্যুতের তার ছিঁড়তে চেষ্টা করেন। হাত দিয়ে না ছিঁড়তে না পেরে দাঁত দিয়ে কাটতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।



