রাজধানীর যাত্রাবাড়ীতে একের পর এক তরুণীকে ফাঁদে ফেলে নির্যাতন ও ধর্ষণের অপরাধী ‘সিরিয়াল রেপিস্ট’ রাশেদুল ইসলাম রাব্বিকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার হেফাজত থেকে পাঁচ ভুক্তভোগীর মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এর আগে, সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় যাত্রাবাড়ীর দনিয়া কলেজের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, রাব্বি প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ফেইক আইডি ওপেন করে এবং মেয়ে কণ্ঠে কথা বলে এক ভিকটিমের কাছ থেকে কৌশলে তার মোবাইলটি নিজের নিয়ন্ত্রণে নেন। এরপর ওই ফোনে লগইন করা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ও সিম ব্যবহার করে নারী কণ্ঠে কথা বলে ভিকটিমের বন্ধু তালিকায় থাকা স্কুল ও কলেজের ছাত্রীদের টার্গেট করতেন। নারী কণ্ঠে কথা বলে গভীর বন্ধুত্ব গড়ে তোলার পর উপহার আদান-প্রদানের কথা বলে ভিকটিমদের যাত্রাবাড়ীর গোয়ালবাড়ী মোড়ে একটি নির্মাণাধীন ভবনের পঞ্চম তলায় নিয়ে আসতেন। সেখানে ভিকটিমদের ধর্ষণ এবং সেই নগ্ন দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে রাখতেন। পরবর্তীতে ভিকটিমদের সাথে থাকা নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিতেন। ধারণকৃত নগ্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বা পর্ন সাইটে আপলোড করার হুমকি দিয়ে সে ভিকটিমদের পুনরায় শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করতেন এবং নিয়মিত টাকা আদায় করতেন।
যাত্রাবাড়ী থানা সূত্রে আরো জানা যায়, শুক্রবার (২০ মার্চ ) তারিখে দুপুর ১টা ২০ মিনিটে এক নারী ভিকটিমকে ফ্যামিলি মিট-আপের কথা বলে একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যান রাব্বি। সেখানে পৌঁছানো মাত্রই তাকে ভয়ভীতি দেখিয়ে নগ্ন করে ভিডিও ধারণ করা হয়। পরবর্তীতে সেই নগ্ন ভিডিও ডার্ক পর্ন সাইট ও টেলিগ্রামে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে তাকে শারীরিক সম্পর্কের জন্য নিয়মিত চাপ দিতে থাকেন।
পরবর্তীতে রাব্বি প্রথম ভিকটিমের মোবাইল ব্যবহার করে তার ফ্রেন্ড লিস্টে থাকা অপর এক ভিকটিমকে টার্গেট করেন। গত সোমবার (৬ এপ্রিল) পোশাক ডেলিভারি দেয়ার কথা বলে দ্বিতীয় ভিকটিমকে যাত্রাবাড়ীর গোয়ালবাড়ি মোড়-সংলগ্ন একটি নির্মাণাধীন ভবনের চতুর্থ তলায় ডেকে নেন। সেখানে তাকে দুই ঘণ্টা আটকে রেখে ধর্ষণ করা হয় এবং তার মোবাইল ও নগদ টাকা লুটে নেয়া হয়।
গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অন্য আরেক ভিকটিমকে শ্লীলতাহানির চেষ্টা করে ভয়ভীতি দেখিয়ে ভিকটিমের মোবাইল ফোন, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নেন।
যাত্রাবাড়ী থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করে গত ১৩ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে দনিয়া কলেজের সামনে অভিযান পরিচালনা করে রাশেদুল ইসলাম রাব্বিকে গ্রেফতার করে। গ্রেফতার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় বর্তমানে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা রয়েছে।
ডিএমপি জানিয়েছে, গ্রেফতার আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।



