রাজধানীর হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় নিজ দোকানের সামনেই আলী জামান (৫৫) নামের এক বিএনপি নেতাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
আহত আলী জামান পেশায় একজন গাড়ি পার্টসের ব্যবসায়ী এবং কালুনগর এলাকার বাসিন্দা। তিনি হাজারীবাগ থানার ২২ নম্বর ওয়ার্ড বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক।
তাকে হাসপাতালে নিয়ে আসা ভাই সাদ রহমান বলেন। রাত ১২টার দিকে পূর্ব-শত্রুতার জের ধরে চাঁদাবাজ, মাদককারবারি ও এলাকার চিহ্নিত সন্ত্রাসী রিপন, জনি, বাবুল, শামীম, জসিম, সাহাবুদ্দিনসহ অজ্ঞাতনামা আরো ৭-৮ জন আমার ভাইয়ের উপরে ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায়। ভাইয়ের মাথায়সহ শরীরে বিভিন্ন জায়গা ধারাল অস্ত্রের আঘাতে জখম হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নেয়া হয়। তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, হাজারীবাগ থেকে ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় এক বিএনপি নেতাকে হাসপাতালে আনা হয়েছে। তার শরীরের একাধিক স্থানে গুরুতর জখম রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।



