ভারতের গুজরাটের ঘটনাকে বাংলাদেশের বলে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট জানায়, দিন-দুপুরে এক নারীকে অপহরণ করলেন কক্সবাজারের যুবদল নেতা–এমন দাবি করে একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটির সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। এটি মূলত ভারতের গুজরাটের ভাদগাম গ্রামের ঘটনা, যেখানে গত ২২ জুন ১৯ বছর বয়সী এক তরুণীকে তার লিভ ইন সঙ্গীর বাড়ি থেকে তরুণীর বাবা ও অন্য তিন ব্যক্তি মিলে তুলে নিয়ে যান।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে।
সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও নবনির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে গুজব-মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে। বাসস



