সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিল, স্বাক্ষর ও অফিসিয়াল লেটারহেড জালিয়াতির অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন মো: ফারুক হোসেন (৪১), সাকিব খান (২৫), মাসুম মুনসী (৪৫), মীর তৌহিদুল ইসলাম (৩৬) ও মো: বকুল মন্ডল (৩৫)।
মঙ্গলবার (৪ আগস্ট) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ডিবির একটি টিমের ধারাবাহিক অভিযানে আজ মাদারীপুর জেলার কালকিনি থানা এলাকা থেকে মো: ফারুক হোসেন ও সাকিব খান নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
তাদের দেয়া তথ্যের ভিত্তিতে একই এলাকা থেকে মীর তৌহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। এছাড়া ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের চাহিদার পরিপ্রেক্ষিতে কালকিনি থানা গ্রেফতারকৃত মাসুম মুনসীকে ডিবি হেফাজতে নেয়া হয়।
অপরদিকে কুষ্টিয়া মডেল থানা এলাকা থেকে চক্রের আরেক সদস্য মো: বকুল মন্ডলকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন সংসদ সদস্য ও মন্ত্রীপরিষদ সচিবদের অফিসিয়াল লেটারহেড প্যাড চার বান্ডিল, প্রধানমন্ত্রী, মন্ত্রী, সংসদ সদস্য ও অন্যান্য উচ্চ পদস্থ ব্যক্তিদের সিল ও স্বাক্ষর সম্বলিত ৪১টি সিল, প্রতারণা ও জালিয়াতির কাজে ব্যবহৃত আটটি মোবাইল ফোন, প্রতারণা ও জালিয়াতির কাজে ব্যবহৃত দু’টি কম্পিউটার ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। বাসস



