রাজধানীর যাত্রাবাড়ীতে পাওনা টাকাকে কেন্দ্র করে বাসায় ঢুকে মোহাম্মদ আবু মুসা নামে এক ব্যক্তি একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম করেছেন। এঘটনায় দিয়া আক্তার (২০) নামে একজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরের দিকে কাজলা ভাঙ্গা প্রেস এলাকায় এই ঘটনা ঘটে। নিহত দিয়া শেখ বোরহান উদ্দিন কলেজের শিক্ষার্থী ছিলেন।
আহতরা হলেন— মৌসুমী আক্তার (৪২), মোয়াজ (১৫), জয়া (১২)। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাদেরকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী বিল্লাল হোসেন জানান, ঘাতক আবু মুসা পেশায় একজন ঠিকাদার। তিনি নবুউল্লাহর কাছে টাকা পেতেন। এই টাকা নেয়ার জন্য ভোরে নবুউল্লাহর বাসায় যান তিনি। টাকার জন্য দু’জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে নবুউল্লাহ উত্তেজিত হয়ে আবু মুসাকে কুপিয়ে জখম করেন। পরে আবু মুসা উত্তেজিত হয়ে নবুউল্লার স্ত্রী মৌসুমী আক্তার, তার মেয়ে দিয়া, তার আরেক মেয়ে জয়া ও ছেলে মোয়াজকে কুপিয়ে জখম করেন। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে আসলে দিয়াকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি তিনজন চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় ঘাতক আবু মুসাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে পুলিশ পাহারায় তিনিও চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।



