কুড়িগ্রামে প্রস্তাবিত বাংটুর ঘাট সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল

কুড়িগ্রাম সদর উপজেলার কাঠালবাড়ি ইউনিয়নের ধরলা নদীর ওপর প্রস্তাবিত বাংটুর ঘাটে একটি সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে নদীর পাড় পরিদর্শন করেছে পাঁচ সদস্যের একটি চীনা প্রতিনিধি দল।

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম

Location :

Kurigram
নদীর পাড় পরিদর্শনে চীনা প্রতিনিধি দল
নদীর পাড় পরিদর্শনে চীনা প্রতিনিধি দল |নয়া দিগন্ত

কুড়িগ্রাম সদর উপজেলার কাঠালবাড়ি ইউনিয়নের ধরলা নদীর ওপর প্রস্তাবিত বাংটুর ঘাটে একটি সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে নদীর পাড় পরিদর্শন করেছে পাঁচ সদস্যের একটি চীনা প্রতিনিধি দল।

শনিবার (২৩ মে) দুপুরে চীনের রোড ব্রিজ করপোরেশনের প্রধান প্রকৌশলী জাইয়া সাইয়ের নেতৃত্বে দলটি বাংটুর ঘাট এলাকায় ধরলার দুই পাড় পরিদর্শন করেন।

চীনা প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- চীনা রোড ব্রিজ করপোরেশনের বিজনেস ম্যানেজার ইউ জিগিং, মার্কেটিং ম্যানেজার ওয়াং জিংওয়েই, ডিজাইন ইঞ্জিনিয়ার পেংটাও, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শানতোনো।

এ সময় বাংলাদেশের সেতু বাস্তবায়ন ও ভবন ব্যবস্থাপনা ইউনিটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: এবাদত আলী, কুড়িগ্রাম এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো: সাইফুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিবসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি দল ধরলার নদীর ওপর এক হাজার ৭৫০ মিটার প্রস্তাবিত সেতু নির্মাণের নকশা প্রণয়ন ও কারিগরি বিষয় পরিদর্শন করেন।

এর আগে, ধরলা নদী দ্বারা বিচ্ছিন্ন ফুলবাড়ী উপজেলাসহ নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সদরের শিবরাম বাংটুর ঘাট এলাকায় সেতু নির্মাণের প্রস্তাবনা দেয় এলজিইডি।

সেতুটি নির্মাণ হলে যোগাযোগের সুবিধাসহ জীবনমানের উন্নয়ন হবে তিন উপজেলার আট লক্ষাধিক মানুষের। ভুরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর কেন্দ্রীক পণ্য আনা নেয়ারও সুযোগ বৃদ্ধি পাবে।

বাংলাদেশের সেতু বাস্তবায়ন ও ভবন ব্যবস্থাপনা ইউনিটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: এবাদত আলী জানান, ঈদের পরে একটি স্টাডি টিম এসে সেতু নির্মাণের বিস্তারিত সুবিধা নির্ণয় করার পর রিপোর্ট দিলে কার্যকর ব্যবস্থা নেয়া হবে। এখন সম্ভাব্যতা যাচাই, পরিদর্শনের কাজটি চীনা প্রতিনিধি দলসহ এ প্রকল্পের আওতায় করা হচ্ছে। আগামীতে এটির বিস্তারিত বলা সম্ভব হবে।