রাজবাড়ীর কালুখালীতে গোল্ডেন লাইনের একটি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহমান বাবলু (৫৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের চারজনসহ আহত হয়েছেন অন্তত ছয়জন।
সোমবার (৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার পাইকারা নামক স্থানে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান বাবলু কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের করদি গ্রামের মরহুম সাদেক আলী শেখের ছেলে। তিনি পেশায় একজন সিএনজিচালক ছিলেন।
জানা যায়, সোমবার দুপুর দেড়টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইনের একটি বাস ও রাজবাড়ীগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালক আব্দুর রহমান বাবলু ও একই পরিবারের চারজনসহ সাতজন আহত হন। আহতদের পাংশা সরকারি হাসপাতালে নেয়ার পথে সিএনজিচালক বাবলুর মৃত্যু হয়। এছাড়া আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
পাংশা সরকারি হাসপাতালের চিকিৎসক ডা: শরিফুল ইসলাম বলেন, সিএনজিচালককে মৃত অবস্থায় পেয়েছি। বাকিদের চিকিৎসা দেয়া হচ্ছে।
পাংশা হাইওয়ে থানার এসআই নিলোৎপল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা দ্রুত ঘটনাস্থলে এসে গাড়ি উদ্ধারের কাজ করছি। একজন নিহত হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।



