বড়লেখার দুর্গম ও সীমান্তবর্তী এলাকায় দুটি কমিউনিটি ক্লিনিক নির্মাণের উদ্যোগ

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত হবে সিসিইউ ও আইসিইউ

উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম এলাকা বোবারথল এবং দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের কাশেমনগরে দুটি কমিউনিটি ক্লিনিক নির্মাণের উদ্যোগ নেয়া হচ্ছে।

ফয়সাল আহমেদ, বড়লেখা (মৌলভীবাজার)

Location :

Barlekha
বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় নাসির উদ্দিন আহমেদ মিঠুসহ অন্যরা
বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় নাসির উদ্দিন আহমেদ মিঠুসহ অন্যরা |নয়া দিগন্ত

মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বর্তমান বিএনপি সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় বড়লেখা উপজেলার দুর্গম ও সীমান্তবর্তী এলাকায় দুটি কমিউনিটি ক্লিনিক নির্মাণের উদ্যোগ নেয়া হচ্ছে।

এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিসিইউ ও আইসিইউ স্থাপনের উদ্যোগের কথাও জানান তিনি।

শনিবার (৮ আগস্ট) দুপুরে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য মিঠু বলেন, ‘উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম এলাকা বোবারথল এবং দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের কাশেমনগরে দুটি কমিউনিটি ক্লিনিক নির্মাণের উদ্যোগ নেয়া হচ্ছে। এতে ওইসব এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ আরো সহজ হবে।’

তিনি আরো বলেন, ‘বড়লেখা ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সিসিইউ (করোনারি কেয়ার ইউনিট) ও আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চালুর উদ্যোগ নেয়া হচ্ছে। পাশাপাশি হাসপাতালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে ১০ জন আনসার সদস্য নিয়োগ দেয়া হয়েছে।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ফেরদৌস আক্তারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল আলম মাহবুব, প্রবীণ বিএনপি নেতা মুহিবুর রহমান ফারুক, সাবেক ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, থানার ওসি (তদন্ত) ওবায়দুল হক, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম প্রমুখ।

সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা, অবকাঠামোগত উন্নয়ন, নিরাপত্তা ও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।