আনোয়ারায় কিশোরীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ, ৪ জনের বিরুদ্ধে মামলা

সোমবার রাতে খালাতো বোনের বাসায় যাচ্ছিলেন তিনি। পথে স্থানীয় একটি মুদি দোকানের সামনে পৌঁছালে প্রথমে অভিযুক্ত আবু তাহের ওই তরুণীকে জোর করে দোকানের ভেতরে নিয়ে যান।

মো: নূরুল কবির, আনোয়ারা (চট্টগ্রাম)

Location :

Anwara
আনোয়ারা থানা, চট্টগ্রাম
আনোয়ারা থানা, চট্টগ্রাম |নয়া দিগন্ত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক তরুণীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণের ঘটনায় চারজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (২ মে) সকালে ভুক্তভোগীর মা আনোয়ারা থানায় মামলাটি রুজু করেন।

এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার (২৭ এপ্রিল) রাত থেকে মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর পর্যন্ত দুই দফায় নির্যাতনের শিকার হন ওই তরুণী। ভুক্তভোগী খালার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সোমবার রাতে খালাতো বোনের বাসায় যাচ্ছিলেন তিনি। পথে স্থানীয় একটি মুদি দোকানের সামনে পৌঁছালে প্রথমে অভিযুক্ত আবু তাহের ওই তরুণীকে জোর করে দোকানের ভেতরে নিয়ে যান। সেখানেই তাকে একাধিকবার ধর্ষণ করা হয়।

পরে বিষয়টি অন্য তিন অভিযুক্তের নজরে এলে তারা ঘটনাস্থলে এসে তরুণীটিকে ভয়ভীতি দেখিয়ে পাশের একটি নির্জন বিলে নিয়ে যায়। সেখানে পালাক্রমে তাকে ধর্ষণ করা হয় বলে এজাহারে উল্লেখ হয়।

পরদিন মঙ্গলবার সকালে বাড়ি ফিরে ভুক্তভোগী তার মাকে ঘটনা খুলে বললে ভুক্তভোগীর মা থানায় অভিযোগ দায়ের করেন।

মামলার আসামিরা হলেন— পশ্চিম রায়পুর এলাকার আবু তাহের (৪২), পূর্ব গহিরার রবিউল হোসেন ওরফে চুমকিয়া (২৪), মো: ফারুক (২৩) ও আনোয়ার হোসাইন (২২)।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জুনায়েত চৌধুরী বলেন, ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল। অপরাধীরা যাতে আইনের ফাঁক গলে পালাতে না পারে, সেজন্য পুলিশি টিম ইতোমধ্যে মাঠে নেমেছে।