মাগুরার বরুণাতল এলাকায় ইটবাহী লাটা গাড়ির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অঙ্কন মজুমদার নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন হৃদয় মজুমদার নামে আরো এক মোটরসাইকেল আরোহী।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে শহরতলীর বরুণাতল নতুন ব্রিজ এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান।
নিহত অঙ্কন মজুমদার বিনোদপুর গ্রামের কার্তিক মজুমদারের ছেলে।
জানা যায়, মোটরসাইকেলযোগে মাগুরা শহর থেকে বিনোদপুরে গ্রামের বাড়ি যাওয়ার পথে বরুণাতল নতুন ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা তিন চাকার থ্রি হুইলার ইঞ্জিনচালিত লাটা গাড়ির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ও আরোহী গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক আবু সাঈদ মোটরসাইকেল চালক অঙ্কন মজুমদারকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হৃদয় মজুমদারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ মোটরসাইকেল ও তিন চাকার থ্রি হুইলার লাটাগাড়ি হেফাজতে নিয়েছে।



