ঢাকার ধামরাইয়ে পাঁচটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ২৪ লাখ টাকা জরিমানাসহ কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি ইটভাটার চিমনি ধ্বংস করা হয়।
বুধবার (৪ মার্চ) ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের মধুডাঙ্গা এলাকায় এই অভিযানটি পরিচালনা করেন ঢাকা জেলা পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রেজওয়ানুল ইসলাম।
এ সময় মেসার্স মদিনা ব্রিকস, মেসার্স সাজেদা ব্রিকস, মেসার্স ফারুক ব্রিকস, মেসার্স মারিয়াম ব্রিকস, মেসার্স এম এফ ব্রিকসকে ২৪ লাখ টাকা জরিমানা ও মেসার্স মদিনা ব্রিকসের চিমনি ধ্বংস করে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত।
পরিবেশ অধিদফতরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: নাজমুল হোসেন বলেন, ‘পরিবেশ অধিদফতরের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আজ আমরা ঢাকা জেলার ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়ন এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে বায়ু দূষণবিরোধী অভিযান পরিচালনা করছি। সকাল থেকে এ অভিযান কার্যক্রম পরিচালিত হয়েছে।’
তিনি আরো বলেন, ‘পাঁচটি ইটভাটায় মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করা হয়েছে। এর মধ্যে একটি ইটভাটার চিমনি সম্পূর্ণরূপে গুঁড়িয়ে দেয়া হয়েছে। পাশাপাশি এসব ইটভাটাকে সর্বমোট ২৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।’



