অন্য প্যাকেটে অবৈধভাবে জৈব সার বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

হাফিজা খাতুনের মালিকানাধীন ‘মেসার্স জামান এগ্রো ফার্ম’ অবৈধভাবে অন্য প্রতিষ্ঠানের প্যাকেট ব্যবহার করে নিজস্ব জৈব সার বাজারজাত করছিল।

এফ এ আলমগীর, চুয়াডাঙ্গা

Location :

Chuadanga
অন্যের প্যাকেট ব্যবহার করে সার বিক্রির অপরাধে জরিমানা
অন্যের প্যাকেট ব্যবহার করে সার বিক্রির অপরাধে জরিমানা |নয়া দিগন্ত

অবৈধভাবে অন্যের মোড়ক বা প্যাকেট ব্যবহার করে জৈব সার বাজারজাতকরণের অপরাধে চুয়াডাঙ্গায় একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।

শুক্রবার (১৪ আগস্ট) চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন বাজারে দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত এ তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হোগলডাঙ্গা (ডিঙ্গেদহ) এলাকায় তদারকি পরিচালনা করা হয়। অভিযানকালে দেখা যায়, হাফিজা খাতুনের মালিকানাধীন ‘মেসার্স জামান এগ্রো ফার্ম’ অবৈধভাবে অন্য প্রতিষ্ঠানের প্যাকেট ব্যবহার করে নিজস্ব জৈব সার বাজারজাত করছিল। ভোক্তার অধিকার ক্ষুণ্ন করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

একইসাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটিকে অনতিবিলম্বে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ করে নিজস্ব প্যাকেটে পণ্য বাজারজাত করার কড়া নির্দেশনা দেয়া হয়।

অভিযান পরিচালনাকারী জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ মামুনুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযানকালে সার্বিক সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: আনিছুর রহমান, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জেলা প্রতিনিধি মো: রফিকুল ইসলাম ও সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের একটি চৌকস দল।