কুমিল্লার বুড়িচংয়ে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে জুয়া খেলার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের থেকে জুয়ার অ্যাপস লগইন অবস্থায় চারটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) রাতে উপজেলার ৩ নম্বর বুড়িচং সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন বুড়িচং পশ্চিম পাড়ার কিতাব আলীর বাড়ির মো: দেলোয়ার হোসেন (৩৮), বি-পাড়া থানার ষাইটশালা উত্তরপাড়ার বাসিন্দা বর্তমানে বুড়িচং পশ্চিম পাড়ায় ভাড়াটিয়া হিসেবে বসবাসকারী মো: রাসেল (২৪), পশ্চিম পাড়ার মাজু মিয়ার বাড়ির মো: শামীম (৩৫) এবং নোয়াপাড়ার তাজু মিয়ার বাড়ির মো: বিল্লাল হোসেন (৪৪)।
পুলিশ সূত্রে জানা যায়, রাতে বুড়িচং থানার একটি টিম উপজেলার ৩ নম্বর বুড়িচং সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাড়া এলাকায় আরাগ ব্রিজ সংলগ্ন দেলোয়ারের চা দোকানে অভিযান চালায়। অভিযানে মোবাইল ফোন ব্যবহার করে অনলাইনে জুয়া খেলার প্রমাণ পেয়ে চারজনকে গ্রেফতার করা হয়।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান জানান, গ্রেফতারদের কাছ থেকে জুয়ার অ্যাপস চালু অবস্থায় থাকা চারটি বিভিন্ন মডেলের স্মার্টফোন জব্দ করা হয়েছে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।



