চট্টগ্রামের ফটিকছড়িতে উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধ দখলে থাকা আনুমানিক ২০ লাখ টাকার সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (১৬ মে) দুপুরে ফটিকছড়ি পৌরসভার এক নম্বর ওয়ার্ডের উত্তর রাঙ্গামাটিয়া মৌজায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পৌরসভার উত্তর রাঙ্গামাটিয়া মৌজার আব্দুর রহমান টেন্ডল বাড়ি সংলগ্ন আরএস ৩১৬১ ও বিএস ৩৪৬৭ দাগের অন্তর্ভুক্ত ৩ শতক সরকারি খাস জমি স্থানীয় এক ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখলে রেখেছিলেন। সেখানে একটি স্থায়ী গোয়াল ঘর নির্মাণ করে তিনি জায়গাটি ভোগদখল করে আসছিলেন।
সম্প্রতি এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেয়ে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈম মুহাম্মদ ইব্রাহিম ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানকালে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনাটি গুঁড়িয়ে দিয়ে সরকারি জায়গাটি সম্পূর্ণ দখলমুক্ত করা হয়।
উদ্ধার করা জমির বর্তমান বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়।
অভিযান প্রসঙ্গে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: সাঈম মুহাম্মদ ইব্রাহিম বলেন, দীর্ঘদিন ধরে সরকারি খাস জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা আজ এ অভিযান পরিচালনা করেছি। খাস জমিটি উদ্ধার করে পুনরায় সরকারি নিয়ন্ত্রণে নেয়া হয়েছে। জনস্বার্থে ও সরকারি সম্পদ রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে ফটিকছড়ি থানা পুলিশের একটি দল এবং ফটিকছড়ি সদর ভূমি অফিসের সহকারী কর্মকর্তা শাহজাহান সিরাজী উপস্থিত ছিলেন।



