ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে চলন্ত একটি রডবোঝাই পিকআপভ্যানে আগুন লাগার ঘটনায় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এলে পরিস্থিতি যান চলাচল স্বাভাবিক হয়।
রোববার (২৪ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ষোলঘর ইউনিয়নের ওমপাড়া এলাকায় মাওয়ামুখী লেনে এ ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম ও শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ আজাদ জানান, রোববার (২৪ মে) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ের শ্রীনগরের ওমপাড়া এলাকায় ঢাকা থেকে গোপালগঞ্জগামী মাওয়ামুখী একটি রডবোঝাই একটি চলন্ত পিকআপে আগুন লাগে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দু’টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন লাগার পর চালক ও হেলপার দ্রুত নিরাপদে গাড়ি থেকে নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ঘটনার প্রকৃত কারণ তদন্তে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।



