সিলেট নগরীতে অপরাধ কর্মকাণ্ড দমনে সাড়াশি অভিযান অব্যাহত রেখেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত ৩২ ঘণ্টায় এসএমপির অভিযানে নগরীর বিভিন্ন এলাকা থেকে ৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
এরমধ্যে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার হয়েছেন ৩৭ জন। এ সময়ে ট্রাফিক পুলিশ ১৬৪টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।
এসএমপি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ মে) দিবাগত রাত ১২টা থেকে বুধবার (১৩ মে) দিবাগত রাত ১২টা পর্যন্ত পরিচালিত অভিযানে নিয়মিত মামলা, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক কারবারি, মাদকদ্রব্য উদ্ধার, ভারতীয় অবৈধ পণ্য উদ্ধার ও মেট্রো অধ্যাদেশের আওতায় ৩৭ জনকে গ্রেফতার করা হয়।
এরমধ্যে নিয়মিত মামলার ও সন্দেহভাজন ১০ আসামি, ওয়ারেন্টভুক্ত ছয়জন, মাদক কারবারি দু’জন, বিনা পরোয়ানায় একজন ও মেট্রো অধ্যাদেশ আইনে গ্রেফতার হয়েছেন ১৮ জন। এ সময় সাত হাজার ৮১০ পিস ভারতীয় কিটক্যাট চকলেট, ৭০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এদিকে এ সময় এসএমপির ট্রাফিক বিভাগের অভিযানে ৮২টি যানবাহনের বিরুদ্ধে মামলা ও ৮২টি যানবাহন জব্দ করা হয়।
এছাড়া বুধবার দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৮টা পর্যন্ত পরবর্তী আট ঘণ্টায় পরিচালিত অভিযানে মহানগরীর বিভিন্ন থানা পুলিশ আরো ২৮ জনকে গ্রেফতার করেছে।
এর মধ্যে নিয়মিত মামলার তিনজন, ওয়ারেন্টভুক্ত চারজন, মাদকসেবী সাতজন, সন্দেহভাজন ১১ জন ও তিনজন হকার রয়েছেন। এ সময় ১৪৭ কেজি পোস্তদানা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, নগরীতে অপরাধ কর্মকাণ্ড দমনে এসএমপি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।



