ফিল্ড ট্রিপ শেষে ফেরার পথে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অন্তত নয়জন আহত হয়েছেন। এর মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
মঙ্গলবার (১৯ মে) রাত আনুমানিক ৮টার দিকে রংপুর-লালমনিরহাট মহাসড়কে অবস্থিত তিস্তা ব্রিজের টোল প্লাজা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, টোল আদায়কে কেন্দ্র করে বাসচালকের সাথে টোল প্লাজার দায়িত্বপ্রাপ্ত লোকজনের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ঘটনা সমাধান করতে একজন শিক্ষক এগিয়ে এলে সেখানে দায়িত্বরত পুলিশ সদস্য ও টোল প্লাজার কয়েকজন কর্মচারী কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষকের গায়ে হাত দেন।
এ ঘটনায় শিক্ষার্থীরা প্রতিবাদ জানালে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, পরে কয়েকজন ব্যক্তি শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে নয়জন আহত হন। আহতদের মধ্যে পাঁচজন গুরুতর আহত হওয়ায় তাদের হাসপাতালে নেয়া হয়।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সাদেকুজ্জামান লিমন জানান, আমাদের আহত শিক্ষার্থীরা কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বুধবার (২০ মে) সকালে আমাদের কয়েকজন শিক্ষক লালমনিরহাট থানায় গেছেন, সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
কুড়িগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, গতরাতে আমি লালমনিরহাট জেলার পুলিশ সুপার (এসপি) ও সদর থানার ওসিকে বিষয়টি মৌখিকভাবে অবগত করি। তারা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সাক্ষ্যের ভিত্তিতে দু’জন ব্যক্তিকে তাৎক্ষণিক আটক করে। আমাদের প্রক্টোরিয়াল টিমসহ শিক্ষকরা আইনগত প্রক্রিয়ার বিষয়টি নিয়ে কাজ করছে।
লালমনিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহম্মেদ জানান, বুধবার দুপুর ২টার দিকে আমরা কুড়িগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। এখনো মামলা রজু হয়নি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।



