নলছিটিতে লাশের খাটিয়ায় পিকআপের ধাক্কা, আহত ৪ : জনতার আগুন

সোমবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দপদপিয়া বরিশাল–পটুয়াখালী মহাসড়কের বকুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

ঝালকাঠি প্রতিনিধি

Location :

Jhalokati
নলছিটিতে লাশের খাটিয়ায় ধাক্কা দেয়ার পর জনতা একটি পিকআপে আগুন দেয়
নলছিটিতে লাশের খাটিয়ায় ধাক্কা দেয়ার পর জনতা একটি পিকআপে আগুন দেয় |নয়া দিগন্ত

ঝালকাঠির নলছিটিতে লাশ বহনের সময় খাটিয়ায় পিকআপের ধাক্কায় চারজন আহত হয়েছেন। এ ঘটনার পর স্থানীয়রা পিকআপটিতে আগুন ধরিয়ে দেয়।

সোমবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দপদপিয়া বরিশাল–পটুয়াখালী মহাসড়কের বকুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দাফনের জন্য এক ব্যক্তির লাশ খাটিয়ায় করে নেয়ার সময় একটি পিকআপ এসে খাটিয়া ও বহনকারীদের ধাক্কা দেয়। এতে খাটিয়া থেকে লাশ পড়ে যায় এবং চারজন আহত হন।

আহতরা হলেন— মৃত ব্যক্তির ছেলে মো. অলিউর ইসলাম, শ্যালক নাছির হোসেন, ভাগ্নে মো. রেজা এবং মেয়ের ঘরের এক নাতি। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর স্থানীয় ক্ষুব্ধ জনতা পিকআপটিতে আগুন ধরিয়ে দেন। এতে প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি স্বাভাবিক করে যান চলাচল পুনরায় চালু করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।