বজ্রপাত প্রতিরোধে তালগাছ রোপণ সময়োপযোগী উদ্যোগ : ভূমিমন্ত্রী

‘গাছ প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রকৃতিকে বাঁচাতে হলে বেশি করে গাছ লাগাতে হবে। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।’

রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
তালগাছের চারা বিতরণ করছেন ভূমিমন্ত্রী
তালগাছের চারা বিতরণ করছেন ভূমিমন্ত্রী |নয়া দিগন্ত

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, ‘ক্রমবর্ধমান বজ্রপাতের ঝুঁকি মোকাবেলা এবং জলবায়ু ও জীববৈচিত্র্য সুরক্ষায় তালগাছ রোপণ অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ।’

তিনি বলেন, ‘শুধু তালগাছ নয়; পরিবেশের ভারসাম্য রক্ষায় অন্যান্য বৃক্ষও ব্যাপকভাবে রোপণ করতে হবে। একইসাথে রোপণ করা গাছ বড় হওয়া পর্যন্ত নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।’

শনিবার (২৯ আগস্ট) দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) ক্যাম্পাসে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও জীববৈচিত্র্য সুরক্ষায় তালগাছ রোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ভূমিমন্ত্রী বলেন, ‘তালগাছের রক্ষণাবেক্ষণ কিছুটা কঠিন। তাই রোপণের পর তালগাছগুলো যাতে সঠিকভাবে বেড়ে উঠতে পারে, সেজন্য নিয়মিত পরিচর্যা করতে হবে।’

তিনি বলেন, ‘তালগাছ রোপণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানে রোপণের জন্য চারা বিতরণ করা হচ্ছে— এটি অত্যন্ত ভালো উদ্যোগ। পরিবেশ রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে আরো বেশি করে বৃক্ষরোপণ করতে হবে। শুধু কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে রোপণ করা প্রতিটি গাছের পরিচর্যা ও সংরক্ষণের দায়িত্বও নিতে হবে।’

কারাগারে থাকার সময়ের স্মৃতিচারণ করে ভূমিমন্ত্রী জানান, রাজনীতি করার কারণে দীর্ঘ সময় রাজশাহী কারাগারে ছিলেন তিনি। মেয়র থাকাকালে কারাগারে কিছু গাছ লাগিয়েছিলেন। সেই গাছগুলো এখন অনেক বড় হয়েছে। এসব গাছে এখন শত শত পাখি আশ্রয় নিচ্ছে। গাছগুলোর ছায়ায় হাজতি ও কয়েদিরা বিশ্রাম নেন।

তিনি আরো বলেন, ‘গাছ প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রকৃতিকে বাঁচাতে হলে বেশি করে গাছ লাগাতে হবে। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।’ এজন্য তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান।

পরে ভূমিমন্ত্রী অন্যান্য অতিথির সাথে নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে একটি তালগাছের চারা রোপণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানের হাতে তালগাছের চারা তুলে দেয়া হয়।

প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে রাজশাহী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: খন্দকার ফয়সাল আলমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।