মুন্সীগঞ্জে এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশীদ বলেন, দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে সাময়িকভাবে যান চলাচল বিঘ্নিত হলেও ফায়ার সার্ভিস ও পুলিশের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়।

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Louhajang
দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতায় ফায়ার সার্ভিস
দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতায় ফায়ার সার্ভিস |নয়া দিগন্ত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় এক ট্রাকচালক নিহত হয়েছেন এবং প্রাইভেটকারের তিন যাত্রী আহত হয়েছেন।

রোববার (২৪ মে) রাত দেড়টা থেকে ৩টার মধ্যে উপজেলার দোগাছি ও সমষপুর এলাকায় দুর্ঘটনাগুলো ঘটে।

নিহত ট্রাকচালকের নাম মো: হোসেন আলী (২২)। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার বেলগাছি মুসলিম পাড়ার বাসিন্দা।

হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত দেড়টার দিকে দোগাছি সেনা ক্যাম্প সংলগ্ন ফুটওভার ব্রিজের নিচে মালবোঝাই দু’টি ট্রাকের সংঘর্ষ হয়। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। গুরুতর আহত ট্রাকচালক হোসেনকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একই রাতে এক্সপ্রেসওয়ের সমষপুর যাত্রী ছাউনির সামনে মাওয়ামুখী একটি প্রাইভেটকার সামনে থাকা বাস ও পেছন থেকে আসা আরেকটি বাসের চাপায় দুমড়ে মুচড়ে যায়। এতে প্রাইভেটকারের তিন যাত্রী আহত হন।

এ ঘটনায় আহতরা হলেন বগুড়ার শেরপুরের মোহাম্মদ তৌফিক সিদ্দিক, ফরিদপুরের ভাঙ্গার সিনথিয়া এবং সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার হামিদা।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান মোহাম্মদ আজাদ হোসেন জানান, খবর পাওয়ার পরই উদ্ধার দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। ট্রাক দুর্ঘটনায় নিহত চালকের লাশ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশীদ বলেন, দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে সাময়িকভাবে যান চলাচল বিঘ্নিত হলেও ফায়ার সার্ভিস ও পুলিশের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়।