মিরসরাইয়ে কাভার্ডভ্যানের চাপায় ইলেক্ট্রিক মিস্ত্রি নিহত

উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় আরশিনগর ফিউচার পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
অ্যাম্বুলেন্স
অ্যাম্বুলেন্স |নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে বিয়ে বাড়িতে লাইটিং সামগ্রী নিয়ে যাওয়ার সময় মহাসড়কে ট্রাক্টর থেকে ছিটকে পড়ে কাভার্ডভ্যান চাপায় মোহাম্মদ সাকিল (২২) নামে ইলেক্ট্রিক মিস্ত্রি নিহত হয়েছেন।

রোববার (১৪ জুন) সকাল ৯টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় আরশিনগর ফিউচার পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাকিল উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মধ্যম সোনাপাহাড় এলাকার বাসিন্দা তোফাজ্জল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বারইয়ারহাট থেকে জোরারগঞ্জ এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে লাইটিং সামগ্রীসহ ট্রাক্টর নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে আরশিনগর ফিউচার পার্ক এলাকায় মহাসড়কে ট্রাক্টরের চাকা খুলে গিয়ে ছিটকে পড়ে কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী আরিফ হোসেন জানান, হঠাৎ করে দূর থেকে দেখি, চাকা খুলে একটি ট্রাক্টর মহাসড়কে উল্টে আছে। ট্রাক্টর থেকে ছিটকে পড়ার পর কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শরিফুজ্জামান ভুঁইয়া বলেন, ‘আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে নিয়ে যাই। পরিবারকে জানানো হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’