যশোরের চৌগাছায় বাড়ি থেকে বের হওয়ার একদিন পরে কাজল কুমার ঘোষ (৪৬) নামে এক দর্জির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২২ মে) বিকেলে উপজেলার ফুলসারা ইউনিয়নের জামিরা গ্রামের কালিমন্দির এলাকার খালের পাড় থেকে তার লাশ উদ্ধার করে চৌগাছা থানা পুলিশ।
নিহত কাজল কুমার ঘোষ একই গ্রামের পরলোকগত কালিদাস কুমার ঘোষের ছেলে। তিনি পেশায় একজন দর্জি ছিলেন। নিজের টেইলার্সে দর্জির কাজ করতেন তিনি।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে এলাকার মাসুম হোসেন নামের জনৈক ব্যক্তি জামিরা কালি মন্দিরের পাশে তাল কাটার জন্য তালগাছে ওঠেন। তিনি গাছ থেকে মোবাইলে রিংটন বাজার শব্দ শুনতে পান। গাছ থেকে নেমে সেখানে গিয়ে একটি লাশ দেখে চিৎকার দেন। তার চিৎকারে স্থানীয় লোকজন সেখানে ছুটে আসেন। পরে তারা চৌগাছা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করেন।
কাজল কুমার ঘোষের স্ত্রী রুপা ঘোষ বলেন, আমার স্বামী (কাজল কুমার ঘোষ) বৃহস্পতিবার (২১ মে) সকাল ৯টার দিকে বাড়ি থেকে বের হন। এরপরে আর বাড়িতে ফিরে আসেনি। মেয়ে কোয়েল ঘোষ ও কথা ঘোষকে সাথে নিয়ে বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাইনি। রাতেও বাড়িতে ফিরে আসেনি। তার মোবাইলে বারবার রিং করলেও রিসিভ হয়নি।
পরে শুক্রবার বিকেলে এলাকার মানুষের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে দেখি রক্তাক্ত লাশটি আমার স্বামী কাজল কুমার ঘোষের। লাশ শনাক্ত করি কিন্তু কী কারণে তাকে মেরে ফেলা হয়েছে তা আমার জানা নেই।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, লাশের সুরতহাল প্রস্তুত হয়েছে। সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য লাশ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।



