জামালপুরের দেওয়ানগঞ্জে নিজ বাড়িতে বিদ্যুৎ সংযোগের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা ও ছেলের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের পাশে দেওয়ানগঞ্জ-বাহাদুরাবাদ ঘাট পরিত্যক্ত রেল লাইনের ধারে এক বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন মা লাকী আক্তার (৩৭) ও তার ছেলে রাজু (১৭)।
জানা গেছে, মঙ্গলবার আব্দুর রশিদের প্রতিবন্ধী ছেলে রাজু (১৭) নিজ ঘরে বৈদ্যুতিক সংযোগের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় তাকে উদ্ধারে এগিয়ে গিয়ে মা লাকীও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের উদ্ধারে এগিয়ে গেলে লাকীর শাশুড়ি বুলি আক্তার (৬০) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন।
পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক লাকী ও রাজুকে মৃত ঘোষণা করেন। শাশুড়ি বুলি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন এ বিষয়ে নয়া দিগন্তকে জানান, উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত বৃদ্ধা বুলি আক্তারকে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।
জানা গেছে, এ পরিবারটি প্রায় ২০ বছর আগে উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের হলকার গ্রাম থেকে নদী ভাঙ্গার পরে পরিত্যক্ত রেল লাইনে এসে ঘরবাড়ি তুলে বসবাস শুরু করে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলে মৃত্যু হয়েছে।’



