বাংলাদেশের প্রতিটি শিশুর সুরক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : প্রতিমন্ত্রী মুহিত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা: এম এ মুহিত বলেছেন, ‘দেশের প্রতিটি শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে এবং কোনো শিশুকে টিকাদানের বাইরে রাখা হবে না।’

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur
টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী অধ্যাপক ডা: এম এ মুহিত
টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী অধ্যাপক ডা: এম এ মুহিত |নয়া দিগন্ত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা: এম এ মুহিত বলেছেন, ‘দেশের প্রতিটি শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে এবং কোনো শিশুকে টিকাদানের বাইরে রাখা হবে না।’

রোববার (৫ এপ্রিল) সকালে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘মায়েদের অংশগ্রহণ এবং সবার সম্মিলিত উদ্যোগে টিকাদান কর্মসূচি সফল করা সম্ভব। সুশৃঙ্খলভাবে এই কার্যক্রম পরিচালিত হলে শিশুরা নিরাপদ থাকবে।’

তিনি জানান, হামের কারণে শিশুদের জ্বরসহ নানা জটিলতা দেখা দিচ্ছে, তবে দ্রুত শনাক্ত ও চিকিৎসা নিশ্চিত করা গেলে আতঙ্কের কারণ নেই। নতুন করে সংক্রমণ রোধেই এই টিকাদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

ডা: এম এ মুহিত বলেন, ‘ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে পারলে এলাকাভিত্তিক সুরক্ষা নিশ্চিত হবে।’

টিকা গ্রহণকারীদের আশপাশের অভিভাবকদেরও সচেতন করে শিশুদের টিকাকেন্দ্রে পাঠানোর আহ্বান জানান তিনি।

হামের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়তে পারে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘বেশি সংখ্যক শিশুকে টিকার আওতায় আনা গেলে সংক্রমণ নিয়ন্ত্রণ সহজ হবে। ইতোমধ্যে দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় এ কর্মসূচি শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশন এলাকাতেও তা সম্প্রসারণ করা হবে।

তিনি বলেন, ‘বৈজ্ঞানিক তথ্য ও সার্ভিল্যান্সের ভিত্তিতে আক্রান্ত এলাকা চিহ্নিত করে সরকার কার্যক্রম পরিচালনা করছে। এ ক্ষেত্রে ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা নেয়া হচ্ছে।’

সাংবাদিকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘টিকাদান কার্যক্রম সম্পর্কে গণমাধ্যমে গুরুত্বসহকারে প্রচার চালানো হলে আরো বেশি মানুষ সচেতন হবে এবং শিশুদের অংশগ্রহণ বাড়বে।’

টিকার সরবরাহ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোথাও সাময়িক ঘাটতি থাকলেও দ্রুত তা পূরণে সরকার কাজ করছে এবং কর্মসূচি অব্যাহত থাকবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ডা: রাজেশ নরওয়াল, ইউনিসেফের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ রিজিম ম্যানুয়েল, গাজীপুর জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া, পুলিশ সুপার শরিফ উদ্দিন, সিভিল সার্জন ডা: মো: মামুনুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।