জকিগঞ্জে কিশোরের লাশ উদ্ধার

উপজেলার কাজলসার ইউনিয়নের গোটারগ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

Location :

Sylhet
মৃত মাশুক আহমদ
মৃত মাশুক আহমদ |নয়া দিগন্ত

জকিগঞ্জ (সিলেট) সংবাদদাতা
সিলেটের জকিগঞ্জে মাশুক আহমদ (১৫) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার কাজলসার ইউনিয়নের গোটারগ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

মাশুক আহমদ গোটারগ্রামের বাসিন্দা আব্দুল হালিম আদুল মিয়ার ছোট ছেলে।

পরিবারের সদস্যরা জানায়, বৃহস্পতিবার জোহরের সময় বাড়ির পাশে মাছ ধরতে যায় মাশুক। মাছ ধরে বাড়িতে ফিরে সেগুলো পরিবারের সদস্যদের কাছে দেয়। তারা মাছ কাটার সময় মাশুক একটি কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেয়। পরিবারের সদস্যরা প্রথমে ধারণা করেন, সে হয়তো ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছে।

কিছুক্ষণ পর ঘরের ভেতর নড়াচড়ার শব্দ পেয়ে পরিবারের সদস্যরা দরজা বন্ধ দেখতে পান। পরে জানালা দিয়ে তারা মাশুককে ঝুলন্ত অবস্থায় দেখেন। এরপর দরজা ভেঙে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুজন মিয়া ও উপ-পরিদর্শক মিরাজ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পরিবারের সদস্য ও স্থানীয় কয়েকজন বাসিন্দা জানায়, মাশুক মানসিকভাবে অসুস্থ ছিল। তারা এ ঘটনায় কাউকে দায়ী করছেন না। তাদের অভিযোগ, পরিবারের সদস্যদের অনুরোধ সত্ত্বেও পুলিশ ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেননি।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। আইন অনুযায়ী লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

Topics