দেশে চারটি নতুন ইঞ্জিনিয়ারিং কলেজ হচ্ছে : শিক্ষামন্ত্রী

‘দেশে চারটি নতুন ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা করা হচ্ছে। এর মধ্যে দুটি বিশেষায়িত কলেজ হবে ডিপ্লোমা প্রকৌশল শিক্ষার্থীদের জন্য। পাশাপাশি দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপ দিতে নতুন কাঠামোয় সংস্কার কার্যক্রমও এগিয়ে নেয়া হচ্ছে।’

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) ওরিয়েন্টেশন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) ওরিয়েন্টেশন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী |নয়া দিগন্ত

দেশে চারটি নতুন ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা করা হচ্ছে। এর মধ্যে দুটি বিশেষায়িত কলেজ হবে ডিপ্লোমা প্রকৌশল শিক্ষার্থীদের জন্য। পাশাপাশি দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপ দিতে নতুন কাঠামোয় সংস্কার কার্যক্রমও এগিয়ে নেয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

শনিবার (১১ জুলাই) গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) সামার-২০২৬ টার্মে ভর্তি হওয়া ৫৪৬ নবীন শিক্ষার্থীর ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ করছি। এর মধ্যে দুটি টেকনিক্যাল এডুকেশনের জন্য ডেডিকেটেড থাকবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পন্ন শিক্ষার্থীরা সেখানে উচ্চশিক্ষার সুযোগ পাবে। খুব শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

তিনি বলেন, সরকার নতুন প্রজন্মকে দক্ষ, সৃজনশীল ও মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করছে। পরিমার্জিত পাঠ্যক্রমে খেলাধুলা, সংস্কৃতি, পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধকে গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে শিক্ষার্থীদের দক্ষতা ও আনন্দভিত্তিক শিক্ষার ওপর জোর দেওয়া হচ্ছে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে ধাপে ধাপে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে। বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোর আদলে উচ্চশিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও গবেষণামুখী করা হচ্ছে, যাতে এখান থেকে দক্ষ ও যোগ্য গ্র্যাজুয়েট তৈরি হয়।

তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দেশের ভবিষ্যৎ লিডারশিপ (নেতৃত্ব) তাদের হাতেই। তাই দেশ ও জাতির কল্যাণে নিজেদের প্রস্তুত করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সর্বাত্মক সহযোগিতা করবে।

বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। আরো বক্তব্য দেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া এবং গাকৃবির শিক্ষকগণ ও দুজন নবীন শিক্ষার্থী।

সভাপতির বক্তব্যে ভাইস চ্যান্সেলর (ভিসি) বলেন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক বিভিন্ন র‍্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। টাইমস হায়ার এডুকেশন সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট রেটিং ২০২৬-এ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জনের পাশাপাশি এসডিজির বিভিন্ন সূচকে বিশ্বপর্যায়ে গুরুত্বপূর্ণ অবস্থান নিশ্চিত করেছে।

এছাড়া ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস ফর ইনোভেশন (ইউআরআই) ২০২৬-এ ‘অর্থনৈতিক উন্নয়নমুখী প্রযুক্তি হস্তান্তর’ বিভাগে বিশ্বের শীর্ষ ১০০-এর মধ্যে ২৩তম স্থান এবং কিউএস সাসটেইনেবিলিটি র‍্যাঙ্কিংয়ে দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়টি এ পর্যন্ত ৯৭টি উচ্চফলনশীল ফসলের জাত এবং ২০টির বেশি কৃষি প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে দেশের কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সামার-২০২৬ টার্মে স্নাতক পর্যায়ে ৫১৩ জন, স্নাতকোত্তরে ৩০ জন এবং পিএইচডি পর্যায়ে তিনজনসহ মোট ৫৪৬ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।

অনুষ্ঠানের আগে শিক্ষামন্ত্রীর নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয় এবং ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।