মতলবে অবৈধ মজুদ ৩৫০ লিটার ডিজেল জব্দ, আটক ১

দোকানটির ভেতরে কয়েকটি প্লাস্টিকের ড্রামে ডিজেল সংরক্ষণ করে রাখা হয়েছিল। অধিক মূল্যে তেল বিক্রির অভিযোগে ব্যবসায়ীর অবৈধ মজুদ রাখা তেল জব্দ করা হয়।

Location :

Chandpur
ভ্রাম্যমাণ আদালতের অভিযান
ভ্রাম্যমাণ আদালতের অভিযান |নয়া দিগন্ত

মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা
চাঁদপুরের মতলব দক্ষিণে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করে রাখা ৩৫০ লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ। এ সময় মো: হাসান (৩০) নামের এক ব্যবসায়ীকে আটক করা হয়।

শুক্রবার (৩ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার উত্তর নওগাঁও ঢালি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযান সূত্রে জানা যায়, দোকানটির ভেতরে কয়েকটি প্লাস্টিকের ড্রামে ডিজেল সংরক্ষণ করে রাখা হয়েছিল। অধিক মূল্যে তেল বিক্রির অভিযোগে ব্যবসায়ীর অবৈধ মজুদ রাখা তেল জব্দ করা হয়। পরে ব্যবসায়ী মো: হাসানকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি তেলের সঙ্কটের মধ্যে অবৈধ মজুদ রোধে সারাদেশে অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ওই দোকানে অভিযান চালিয়ে বিপুল ডিজেলের সন্ধান পাওয়া যায়। এ সময় দোকান মালিককে তেলসহ আটক করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইশমাম বলেন, ‘অবৈধভাবে মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি করায় তাকে জরিমানা করা হয়েছে। প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব। তিনি বলেন, ‘যারা কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলতে চায়, তারা প্রকৃত ব্যবসায়ী নয়। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’