ঝালকাঠির কাঁঠালিয়ায় মাঠে ধানের চারা রোপণের সময় বজ্রপাতে মো: দেলোয়ার হোসেন (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি জানতে পেরে তাৎক্ষণিকভাবে নিহতের দাফন-কাফনের জন্য সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার দক্ষিণ চেঁচরী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কৃষক দেলোয়ার হোসেন দক্ষিণ চেচঁরী গ্রামের মো: হারুন খানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দক্ষিণ চেঁচরী গ্রামে নিজের জমিতে ধানের চারা রোপণ করছিলেন দেলোয়ার হোসেন। দুপুর পৌনে ১২টার দিকে আকস্মিক বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত ও পরে মারা যান।
ঘটনাটি কাঁঠালিয়া উপজেলা প্রশাসনের নজরে এলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মকবুল হোসেন তাৎক্ষণিকভাবে নিহতের পরিবারকে দাফন-কাফন ও জরুরি প্রয়োজনের জন্য সহায়তা প্রদানের নির্দেশ দেন।
উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে নিহতের ছোট ভাই গ্রাম পুলিশ মো: রুবেল খানের হাতে সহায়তার ১০ হাজার টাকার চেক তুলে দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো: যোবায়ের হোসেন।
দুর্যোগের এই মুহূর্তে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সহায়তা পাওয়ায় পরিবারের সদস্যরা উপজেলা প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।



