সিলেট ব্যুরো
সিলেটে হাম ও হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে হাম ও হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৬ জনে।
সোমবার (৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক ডা: মো: মাহবুবুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
একই সময়ে নতুন করে ২৮ জনের শরীরে ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে এবং উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ৯০ জন।
স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী রেজওয়ান সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের ও ইব্রাহিম একই জেলার সদর উপজেলার বাসিন্দা। নতুন করে ভর্তি হওয়া ৯০ জনসহ বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ২৪৮ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে মোট ৭০৬ জনের ল্যাব-নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটে ৩৫৫ জন, সুনামগঞ্জে ২২৩ জন, হবিগঞ্জে ৬৭ জন এবং মৌলভীবাজারে ৬১ জন রয়েছে।
এদিকে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি সুনামগঞ্জে ৫১ জন। এছাড়া সিলেটে ৪০, মৌলভীবাজারে ১৩ এবং হবিগঞ্জে ১২ জন মারা গেছেন। মৃতদের মধ্যে হাম নিশ্চিত হয়েছিল ৬ জনের। বাকি ১১০ জন হাম উপসর্গে মারা গেছে।
বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ২৪৮ সন্দেহজনক রোগীর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৮১ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭৬, রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০, মাউন্ট এডোরা হাসপাতালে তিন, নর্থ ইস্ট হাসপাতালে আট, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৩৮, হবিগঞ্জ সদর হাসপাতালে তিন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ২৮ জন চিকিৎসাধীন রয়েছে।



