ফেনীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে জেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মো: মামুন (৬১) ও মো: আবুল হোসেন (৪৬) নামে দুই মাদককারবারীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৯ জুন) দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ পরিদর্শক ইশতিয়াক হোসেনের নেতৃত্বে একটি টিম তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মামুন ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের চকবস্তা গ্রামের আবুল হাসেমের ছেলে ও আবুল হোসেন চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ দিঘি ইউনিয়নের সাত ঘরিরা গ্রামের আবদুস সালামের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা পাচারের খবর পেয়ে উপ পরিদর্শক ইশতিয়াক হোসেনের নেতৃত্বে একটি টিম শহরের দাউদপুল সংলগ্ন ফাইভ স্টার হোটেলের সামনে অবস্থান করে সন্দেহ ভাজন মো: মামুনকে তল্লাশি করে। তার কাছ থেকে ৪ শ’ ৫০ পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় মামুনের সহযোগী মো: আবুল হোসেনকেও আটক করে।
এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ পরিদর্শক ইশতিয়াক হোসেন বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করে। অভিযানে ১টি মোটরসাইকেল, ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
জেলা তাঁতীদলের আহ্বায়ক ছরওয়ার জাহান শ্রাবন জানান, মো: মামুন যুগ্ম আহ্বায়ক পদে ফরম জমা দিয়েছে এটা এখনো ওইভাবে জমা রয়েছে।



