রাজবাড়ীর পদ্মা নদীতে ধরা পড়েছে বড় আকৃতির কাতল ও পাঙাশ মাছ। স্থানীয় বাজারে এই দুই মাছ বিক্রি হয়েছে মোট ৫৯ হাজার টাকায়।
রোববার সকালে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মাছ বাজারে ২৫ কেজি ওজনের একটি কাতল মাছ উন্মুক্ত নিলামে কেজি প্রতি ১ হাজার ৭০০ টাকা দরে বিক্রি হয় ৪২ হাজার ৫০০ টাকায়। মাছটি জেলে ঠান্ডু হালদার ও তার সহযোগীরা পদ্মা নদীতে জাল ফেলে ধরেন। পরে স্থানীয় ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ মাছটি কিনে নেন।
তিনি জানান, এত বড় কাতল সচরাচর পাওয়া যায় না, সামান্য লাভে দেশের বিভিন্ন স্থানে বিক্রির চেষ্টা করবেন।
একই দিনে রাজবাড়ী সদর উপজেলার ধাওয়াপাড়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে ধরা পড়ে ১২ কেজি ওজনের একটি পাঙাশ মাছ। কেজি প্রতি ১ হাজার ৪০০ টাকা দরে মাছটি বিক্রি হয় ১৬ হাজার ৮০০ টাকায়।
জেলে বিপুল হালদার জানান, পদ্মা নদীতে এখন বড় পাঙাশ খুব কম পাওয়া যায়। অনেকদিন পর এমন বড় মাছ পেয়েছি, এতে আমরা সবাই খুশি।
মাছটি স্থানীয় আড়তে নিয়ে গেলে ব্যবসায়ী গৌতম হালদার তা কিনে নেন। তিনি বলেন, কিছু লাভ রেখে মাছটি বিক্রির চেষ্টা করব।
স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা জানায়, পদ্মা নদীতে বড় আকৃতির মাছ আগের তুলনায় কম ধরা পড়লেও মাঝে মাঝে এমন বড় মাছ বাজারে এলে তা উচ্চ দামে বিক্রি হয় এবং ক্রেতাদের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা যায়।



