রাজাপুরে ভাড়া বাসা থেকে পুলিশ কনস্টেবলের অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার

তার স্বামী নুর উদ্দিন ঝালকাঠি জেলা পুলিশের একজন কনস্টেবল ছিলেন। যিনি গত ৫-৬ মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন বলে জানা গেছে।

ঝালকাঠি প্রতিনিধি

Location :

Rajapur
প্রতীকী ছবি

ঝালকাঠির রাজাপুরে ভাড়া বাসা থেকে মনি আক্তার (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১ মে ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাঘড়ি বাজারের ওয়ালটন প্লাজা সংলগ্ন মসজিদ গলি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মনি আক্তার রাজাপুর উপজেলার বামনকাঠি এলাকার খলিলুর রহমানের মেয়ে। তার স্বামী নুর উদ্দিন ঝালকাঠি জেলা পুলিশের একজন কনস্টেবল ছিলেন। যিনি গত ৫-৬ মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর থেকে মনি আক্তারের লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

তবে নিহতের পরিবারের অভিযোগ, স্বামী নুর উদ্দিন দীর্ঘদিন ধরে মনি আক্তারের ওপর শারীরিক নির্যাতন চালাতেন এবং টাকার জন্য চাপ দিতেন। এ নিয়ে তাদের দাম্পত্য জীবনে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো।

নিহতের ভাই ওমর ফারুক জানান, মনি আক্তারের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। তাকে হত্যা করে তার স্বামী পালিয়ে গেছেন।

তিনি আরো জানান, তাদের পাঁচ বছর বয়সী একটি ছেলেসন্তান রয়েছে এবং মনি আক্তার তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

এ বিষয়ে অভিযুক্ত নুর উদ্দিন বলেন, তার স্ত্রীর সাথে পারিবারিক কলহের কারণে দরজা লাগিয়ে আত্মহত্যা করেছেন। পরে ভয়ে বাসা থেকে তার ছেলেকে নিয়ে পালিয়ে যান।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়েছে। পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।