সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো: রেজা হাসান। বিসিএস ২৯ ব্যাচের কর্মকর্তা মো: রেজা হাসান কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন। তিনি সিলেটের বিদায়ী জেলা প্রশাসক মো: সারওয়ার আলমের স্থলাভিষিক্ত হলেন।
কুমিল্লা থেকে তাকে সিলেটে বদলি করে রোববার (২৮ জুন) প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মো: রেজা হাসানকে জনস্বার্থে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি বর্তমানে কুমিল্লার ডিসি হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো: ইসমাইল হোসেন। অবিলম্বে এই আদেশ কার্যকর করার নির্দেশ দেয়া হয়েছে।
সম্প্রতি, ৭০০ বছরের অনিয়ম ভেঙে হযরত শাহজালাল (রহ:) মাজারের ডেগের দানের টাকার হিসাব নিকাশের স্বচ্ছতা ও জবাবদিহিতার উদ্যোগ নিয়ে বিতর্কের মুখে পড়েন জেলা প্রশাসক (ডিসি) মো: সারওয়ার আলম।
গত রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে মো: সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব থেকে প্রত্যাহারপূর্বক বদলি করা হয়। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপ-সচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে। এরপর থেকে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্বে রয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা।
সারোয়ার আলমকে দায়িত্ব থেকে সরানোর সিদ্ধান্ত সিলেটে ব্যাপক সমালোচনা ও জনমনে ক্ষোভের জন্ম দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে পুনর্বহাল চেয়ে ব্যাপক লেখালেখি হয়।
যদিও সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাকে মাজার বিতর্কের জন্য প্রত্যাহার করা হয়নি। এটা ছিল নিয়মতান্ত্রিক প্রশাসনিক কার্যক্রম।


