রংপুরে এনসিপির প্রতিবাদ বিক্ষোভ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি

‘তিনি বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পেছনে যে ছাত্র-জনতার অভ্যুত্থানের মহানায়ক, যারা মহান যোদ্ধা- তিনি স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালে যখন তাদের উপর হামলা হয় তখন তার পদত্যাগ করা উচিত।’

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur Sadar
রংপুরে এনসিপির বিক্ষোভ মিছিল
রংপুরে এনসিপির বিক্ষোভ মিছিল |নয়া দিগন্ত

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পথযাত্রায় হামলার প্রতিবাদে রংপুর মহানগরীতে এনসিপির বিক্ষোভ ও সমাবেশ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন নেতারা।

মঙ্গলবার (২৮ জুলাই) রাত পৌনে ১০টায় নগরীর প্রেস ক্লাবের সামন থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা ও মহানগর এমসিপি। মিছিলটি নগরীর জাহাজ কোম্পানির মোড় ঘুরে আবারো প্রেস ক্লাবে এসে সমাবেশ করে।

সমাবেশে এনসিপির জেলা আহ্বায়ক আল মামুন অভিযোগ করেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী একজন অকৃতজ্ঞ ব্যক্তি। তিনি বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পেছনে যে ছাত্র-জনতার অভ্যুত্থানের মহানায়ক, যারা মহান যোদ্ধা- তিনি স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালে যখন তাদের উপর হামলা হয় তখন তার পদত্যাগ করা উচিত। কারণ এই মহানায়কেরা, এই মহাবীর যোদ্ধারা, এই সারজিস, এই হাসনাত, নাসীরুদ্দীন পাটওয়ারীরা না থাকলে, আক্তার হোসেন, নাহিদ ইসলামরা না থাকলে আজকে তিনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারতেন না।’

আল মামুন আরো অভিযোগ করে বলেন, ‘আজকে তারেক রহমান লন্ডন থেকে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পেছনে এই নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলাম, নাহিদ ইসলাম, আক্তার হোসেনরা ছিল। কিন্তু তাদের প্রোগ্রামে এই জুলাই মাসেই যে হামলা হচ্ছে। সেই হামলা প্রমাণ করে যে কাদের ইন্ধনে, কাদের দল এবং কাদের দলীয় নেতাকর্মীরা হামলা করছে, সেটা প্রকাশ্য মিডিয়ার সামনে দেখা যাচ্ছে। এটাতে প্রমাণিত হয় যে কোন দলটি কাদের ছত্রছায়ায় আবার সেই জুলাই যোদ্ধাদেরকে হামলা করে আবার তাদেরকে শহীদ করার চেষ্টা করতে চাইছে।’

এসময় মহানগর এনসিপির সদস্য সচিব আব্দুল মালেক অভিযোগ করে বলেন, ‘বর্তমান বিএনপি সরকার, তারা সিটি করপোরেশন দখল নিয়েছে। তারা জেলা পরিষদ দখল নিয়েছে। তারা বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষের জায়গা দখল নিয়েছে। এখন যদি তারা যদি রাজপথ দখল নিতে চায় তাহলে ঘোষণা দিয়ে নামুক, আমরাও নামি। দেখি তাদের ঘোষণায় আমরা টিকতে পারি কিনা।’

মালেক আরো বলেন, ‘যদি চোরাগুপ্তা হামলা করেন তাহলে আপনারা কাপুরুষ আমরা ভেবে নিব। আপনারা যদি রাজনীতির কথা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পারেন তাহলে কাপুরুষ।’

মালেক বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, আপনি তো শুধু স্বরাষ্ট্রমন্ত্রী না। আপনি বাংলাদেশের সবগুলো মন্ত্রণালয় আপনি চালানোর চেষ্টা করছেন। সব মন্ত্রণালয় যদি আপনি চালানোর চেষ্টা করেন, আপনার মন্ত্রণালয় আপনি কিভাবে চালাবেন? যার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আজকে এত সমস্যা। বাংলাদেশে আইনশৃঙ্খলা চরম অবনতি। কোনো দিকে আপনি খেয়াল রাখতে পারছেন না। এই সারজিস ও পাটওয়ারীর উপর যে হামলা হয়েছে, অতি দ্রুত দোষীদের যদি আপনারা গ্রেফতার করতে না পারেন তাহলে আমাদের কর্মসূচি কী হবে তা আপনাদের ধারণা নেই।’

জাতীয় ছাত্রশক্তির মহানগর আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি বলেন, ‘আজকে ছাত্রদল ছাত্রলীগের রূপে ফিরে এসেছে। হবিগঞ্জে আমাদের এনসিপির কেন্দ্রীয় যে নেতৃত্ব ছিলেন তাদের উপর নিষ্ঠুরভাবে হামলা চালিয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনাদের যে ছাত্রদল আছে, তাদেরকে নিয়ন্ত্রণ করুন। যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে বাংলাদেশের জনগণ আপনাদেরকে ছুড়ে ফেলে দিবে ইনশাআল্লাহ।’