অবশেষে দীর্ঘ ছয় ঘণ্টা পর রাজবাড়ী-ঢাকা ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। দীর্ঘ সময় উদ্ধার অভিযান শেষে রেললাইনের পাশে পড়ে থাকা ট্রাকটি সরিয়ে নেয়ার পর সকাল ১০টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়।
রাজবাড়ীর সদর উপজেলার বসন্তপুর রেলগেট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সারবোঝাই ট্রাকটি রেললাইনের ব্যারিয়ার ভেঙে লাইনের পাশের পড়ে যায়। এতে ঢাকার সাথে রেল যোগাযোগ প্রায় ছয় ঘণ্টা বন্ধ ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৯ জুন) ভোর ৪টার দিকে যশোরের নওয়াপাড়া থেকে মানিকগঞ্জগামী সারবোঝাই ট্রাকটি বসন্তপুর রেলগেট এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় ট্রাকটি রেলগেটের ব্যারিয়ার ভেঙে সরাসরি রেললাইনের পাশে পড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ের প্রকৌশল বিভাগ, রেলওয়ে কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। কয়েক ঘণ্টার চেষ্টার পর ট্রাকটি রেললাইন থেকে সরিয়ে নেয়া সম্ভব হয়।
প্রায় ছয় ঘণ্টা পর রেললাইন সচল হলে ঢাকার সাথে রাজবাড়ী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ সময় আটকে পড়া ট্রেনগুলোও নির্ধারিত গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।
রেলওয়ে সংশ্লিষ্টরা জানান, ট্রাকটি রেললাইন থেকে নিরাপদে অপসারণ এবং লাইন পরীক্ষা-নিরীক্ষা শেষে ট্রেন চলাচলের অনুমতি দেয়া হয়।



