শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক নারী শিক্ষার্থীর মোবাইল নম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে হেনস্তা ও হুমকির অভিযোগে আশরাফুল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ১০টার দিকে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে পুলিশের কাছে হস্তান্তর করে প্রক্টরিয়াল বডি।
অভিযুক্ত যুবক আশরাফুল এক প্রিন্টিং ও ফটোকপি দোকানের কর্মচারী। তার বাড়ি সিলেটের জকিগঞ্জে।
প্রক্টর অফিস, শিক্ষার্থী ও পুলিশের সূত্রে জানা যায়, রোববার ভুক্তভোগী শিক্ষার্থী সেমিস্টারের প্রেজেন্টেশন পেপার প্রিন্ট করতে মদিনা মার্কেটের হক ম্যানশনে অবস্থিত একটি দোকানে যান। সেখানে প্রতি পৃষ্ঠা ৩০ টাকা করে লেখা ও প্রিন্ট করতে অর্ডার করেন তিনি। কাজ শেষে দোকানের কর্মচারী আশরাফুল অতিরিক্ত টাকা দাবি করলে ভুক্তভোগী শিক্ষার্থীর সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই শিক্ষার্থী ৫০০ টাকা দিয়ে সেখান থেকে চলে আসেন।
পরে ওই আশরাফুল ফোন করে আরো টাকা দাবি করেন। টাকা না দেয়ায় তিনি ওই শিক্ষার্থীকে মদিনা মার্কেট এলাকায় গেলে দেখে নেয়ার হুমকি দেন। এ ছাড়া তিনি হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের বিভিন্ন অসামাজিক গ্রুপে ভুক্তভোগী শিক্ষার্থীর মোবাইল নম্বর ছড়িয়ে দেন বলে অভিযোগ ওঠে। ফলে গত দু’দিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে অচেনা লোকজন ফোন ও মেসেজ দিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীকে বিভিন্ন অসামাজিক কথাবার্তা ও অনৈতিক কাজের মেসেজ দিয়ে বিরক্ত করে আসছিল।
এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির পরিপ্রেক্ষিতে থানার উপ-পরিদর্শক (এসআই) সাগর মদিনা মার্কেটে অভিযান চালিয়ে অভিযুক্ত আশরাফুলকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে আসেন।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো: সাদমিম হাসান সিফাত বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত দোষ স্বীকার করেছে। এ জন্য তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।’
এ বিষয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল হাবিব বলেন, ‘একজন নারী শিক্ষার্থীকে মেবাইলে হেনস্তা ও তার নম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে এক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলা করলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’



