রাজাপুরে নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ

কুলসুম বেগম চালে ব্যবহৃত কীটনাশক পান করে মারা গেছেন বলে স্বামীর পরিবার জানালেও নিহতের পরিবারের দাবি, তাকে মারধর করে হত্যা করা হয়েছে।

ঝালকাঠি প্রতিনিধি

Location :

Rajapur
প্রতীকী ছবি

ঝালকাঠির রাজাপুর উপজেলায় স্বামী ও শাশুড়ির নির্যাতনে কুলসুম বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার পর নিহতের স্বামী মো: আবুল কালাম তাজেল আকন পলাতক রয়েছেন।

কুলসুম বেগম চালে ব্যবহৃত কীটনাশক পান করে মারা গেছেন বলে স্বামীর পরিবার জানালেও নিহতের পরিবারের দাবি, তাকে মারধর করে হত্যা করা হয়েছে এবং ঘটনাটি ভিন্ন খাতে নিতে কীটনাশক পান করার নাটক সাজানো হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার শুক্তাগড় ইউনিয়নের জগাইরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও নিহতের পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কুলসুম বেগমের সাথে তার শাশুড়ি হোসনা ভানু ও স্বামীর বিরোধ লেগেই থাকত। অভিযোগ রয়েছে, শাশুড়ির প্ররোচনায় বিভিন্ন সময় স্বামী আবুল কালাম তাজেল স্ত্রীকে মারধর করতেন।

পরিবারের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন সকাল সাড়ে ১১টার দিকে শাশুড়ির সাথে কুলসুম বেগমের বাগ্বিতণ্ডা হয়। পরে দুপুরে স্বামী আবুল কালাম তাজেল বাড়িতে খাবার খেতে এলে শাশুড়ি তার বিরুদ্ধে নানা অভিযোগ করেন। এ সময় স্বামীও কুলসুমকে গালিগালাজ ও মারধর করে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর সন্ধ্যার দিকে শাশুড়ির সাথে পুনরায় ঝগড়া হলে নির্যাতন সইতে না পেরে অভিমান ও ক্ষোভে ঘরে থাকা চালে ব্যবহৃত কীটনাশক পান করেন বলে স্থানীয়রা জানান।

গুরুতর অসুস্থ অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’