বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা
বরিশালের বাকেরগঞ্জে বিস্ফোরণের ঘটনায় নারী-শিশুসহ তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন।
সোমবার (৩ আগস্ট) সকাল ৬টার দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে এ ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন শাহ আলম হাওলাদারের স্ত্রী হনুফা বেগম, মেয়ে ইতি এবং নাতি ফাহিম।
তাদের প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় লোকজন জানায়, শাহ আলম হাওলাদারের বাড়ির পাশে রাখা একটি বালুভর্তি বস্তার মধ্যে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে থাকা তিনজন আগুনে দগ্ধ হন। প্রাণ বাঁচাতে তারা বাড়ির সামনের তুলাতলা নদীতে ঝাঁপ দেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
শাহ আলম হাওলাদারের ছেলে জামাল বলেন, ‘বিস্ফোরণের পর আমার মা, বোন ও ভাগনের শরীরে আগুন ধরে যায়। তারা নদীতে ঝাঁপ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। বোমা বা বিস্ফোরকটি সেখানে কীভাবে এলো, তা আমরা জানি না।’
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে এবং তদন্ত শুরু করে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, ‘ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। কী ধরনের বিস্ফোরক ছিল এবং এর সাথে কারা জড়িত, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।’



