ময়মনসিংহের গফরগাঁওয়ে গাছের সাথে বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবকের দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করেছে পাগলা থানা পুলিশ।
বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার মশাখালী ইউনিয়নের দরিচারবাড়িয়া গ্রামের শাহ ভিটা এলাকা থেকে পুলিশ ওই দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে এক কিশোর শাহ ভিটার জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় গাছের সাথে বাঁধা অবস্থায় লাশটি দেখতে পায়। এ সময় সে চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হন। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে গ্রামবাসীর ভিড় জমে যায়। পরে খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীদের মতে, নিহত যুবকের বয়স আনুমানিক ২৫-৩০ বছর। তার পরনে ছিল ছাই রঙের প্যান্ট। একটি গাছের সাথে দড়ি দিয়ে দুই হাত বাঁধা এবং বাম হাতে একটি ঘড়ি ছিল। লাশের শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে।
ওই গ্রামের বাসিন্দা চমক ফকির জানান, বিভৎস এই হত্যাকাণ্ড দেখে পূর্বপরিকল্পিত বলে মনে হচ্ছে। এই পরিত্যক্ত ভিটাটি জঙ্গলে ঘেরা ও জনবসতি না থাকায় অপরাধীরা এই স্থানটি বেছে নিতে পারে। গ্রামবাসী এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম বলেন, ‘নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’



