কর্ণফুলী নদী থেকে ৯টি অবৈধ বাল্কহেড জব্দ

বৃহস্পতিবার রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা

Location :

Chattogram
জব্দকৃত বাল্কহেড
জব্দকৃত বাল্কহেড |নয়া দিগন্ত

চট্টগ্রামের কর্ণফুলি নদীতে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিতকরণের লক্ষ্যে যৌথ অভিযান চালিয়ে নয়টি অননুমোদিত বাল্কহেড জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

বৃহস্পতিবার (২১ মে) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

সাব্বির আলম সুজন বলেন, ‘দেশের প্রধান সমুদ্র বন্দর হিসেবে চট্টগ্রাম বন্দরের কর্ণফুলি চ্যানেলের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে গত ১১ মে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় অভ্যন্তরীণ নৌ-রুটে বিদেশী বাণিজ্যিক জাহাজ থেকে মালামাল পরিবহণের কাজে নিয়োজিত অভ্যন্তরীণ কোস্টার/লাইটার/ট্যাংকারগুলো নিরাপদে চলাচলের জন্য বহিঃনোঙ্গরসহ চট্টগ্রাম কর্ণফুলি চ্যানেলে অননুমোদিত বাল্কহেড চলাচল নিষিদ্ধ করা হয়।’

পরে বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযান চালিয়ে বাল্কহেডগুলো জব্দ করা হয়। এসময় চট্টগ্রাম বন্দর নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বাল্কহেডের মালিকপক্ষ থেকে দুই লাখ ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা এবং মুচলেকা নিয়ে বাল্কহেডসহ ক্রুদের ছেড়ে দেয়া হয়।

চট্টগ্রাম বন্দর ও তৎসংলগ্ন এলাকার নিরাপত্তা এবং নিরাপদ নৌ-চলাচল নিশ্চিতকরণের লক্ষ্যে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান তিনি।