টঙ্গীর তুরাগ নদীতে গোসলে নেমে ২ স্কুলছাত্রের মৃত্যু

গাজীপুরে টঙ্গীর তুরাগ নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে শামীম মিয়া (১১) ও আফনান (১৩) নামে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
টঙ্গীর তুরাগ নদীতে গোসলে নেমে ২ স্কুলছাত্রের মৃত্যু
টঙ্গীর তুরাগ নদীতে গোসলে নেমে ২ স্কুলছাত্রের মৃত্যু |নয়া দিগন্ত

গাজীপুরে টঙ্গীর তুরাগ নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে শামীম মিয়া (১১) ও আফনান (১৩) নামে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার (৫ জুলাই) দুপুরে টঙ্গীর মিরাশপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শামীম মিয়া টঙ্গীর পূর্ব আরিচপুর বউবাজার এলাকার আনিসুর রহমানের ছেলে এবং আফনান একই এলাকার সাইফুল ইসলামের ছেলে। তারা দুজনই টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আনুমানিক ১১টার দিকে খেলাধুলা শেষে তিন বন্ধু—শামীম, আফনান ও শাকিব তুরাগ নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে শামীম ও আফনান গভীর পানিতে তলিয়ে যায়। তাদের সাথে থাকা শাকিব দ্রুত নদী থেকে উঠে স্থানীয়দের বিষয়টি জানায়। পরে স্থানীয়দের খবরে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। দুপুর সাড়ে ১২টার দিকে নদী থেকে দুই কিশোরের লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও সহপাঠীদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন আলম বলেন, ‘খবর পেয়ে ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে এবং তুরাগ নদী থেকে দুই কিশোরের লাশ উদ্ধার করে।’

টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো: ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুটি লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’