নওগাঁর নিয়ামতপুরে গরুবোঝাই ভটভটি উল্টে ব্যবসায়ী নিহত, আহত ৫

তারা নিয়ামতপুর উপজেলার ছাতড়া হাট থেকে গরু কিনে একটি ইঞ্জিনচালিত ভটভটিতে করে বাড়ি ফিরছিলেন। পথে ঠকঠকি বাজার এলাকায় একটি ট্রাককে সাইড দিতে গিয়ে ভটভটিটি রাস্তার পাশের পুকুরে পড়ে যায়।

এম এম হারুন আল রশীদ হীরা, মান্দা (নওগাঁ)

Location :

Niamatpur
মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নওগাঁ
মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নওগাঁ |নয়া দিগন্ত

নওগাঁর নিয়ামতপুরে গরুবোঝাই একটি ভটভটি (ইঞ্জিনচালিত গাড়ি) উল্টে তুরাব আলী (৬০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচ গরু ব্যবসায়ী।

সোমবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে গাবতলী-ছাতড়া সড়কের ঠকঠকি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তুরাব আলী রাজশাহীর চারঘাট উপজেলার অনুকমপুর গ্রামের মরহুম আবদুর রহমানের ছেলে।

দুর্ঘটনায় আহত চারঘাট উপজেলার অনুকমপুর এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম (৬০) ও মান্দা উপজেলার বড়বেলালদহ গ্রামের আইয়ুব আলীকে (৫২) মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত অন্য তিনজনকে দুর্ঘটনাস্থল থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ায় তাদের নাম ও পরিচয় এখনো সম্ভব জানা হয়নি।

চিকিৎসাধীন গরু ব্যবসায়ীরা জানান, তারা নিয়ামতপুর উপজেলার ছাতড়া হাট থেকে গরু কিনে একটি ইঞ্জিনচালিত ভটভটিতে করে বাড়ি ফিরছিলেন। পথে ঠকঠকি বাজার এলাকায় একটি ট্রাককে সাইড দিতে গিয়ে ভটভটিটি রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এতে ছয় গরু ব্যবসায়ী আহত হন।

গরু ব্যবসায়ী আবু ইউসুফ হেলাল বলেন, দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে তিনজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও তিনজনকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এদের মধ্যে নুরাব আলীকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহত গরু ব্যবসায়ী তুরাব আলীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।