অধ্যক্ষ আবু তাহের ইসলামী আন্দোলনের অনন্য পণ্ডিত : শামসুল ইসলাম

অধ্যক্ষ আবু তাহের আন্তর্জাতিক মানের নেতা ছিলেন, যিনি মধ্যপ্রাচ্য ও ইউরোপেও দ্বীনের দাওয়াত পৌঁছে দিয়েছেন। দলমত নির্বিশেষে তিনি সবার কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন।

মো: নূরুল কবির, আনোয়ারা (চট্টগ্রাম)

Location :

Chattogram
স্মারকগ্রন্থ ‘স্মৃতিতে অম্লান’-এর মোড়ক উন্মোচন
স্মারকগ্রন্থ ‘স্মৃতিতে অম্লান’-এর মোড়ক উন্মোচন |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলাম বলেছেন, ‘অধ্যক্ষ আবু তাহের ছিলেন ইসলামী আন্দোলনের একজন অনন্য পণ্ডিত ও জাতীয় নেতা। সরল জীবনযাপন এবং শিক্ষাঙ্গনসহ বিভিন্ন সেক্টরে তার নেতৃত্ব বর্তমান প্রজন্মের জন্য অনুকরণীয়। আজকে যারা এই আন্দোলনের শীর্ষ নেতৃত্বে রয়েছেন, তারা সবাই মাওলানা আবু তাহেরের হাতে গড়া জনশক্তি।’

শনিবার (৩০ মে) চট্টগ্রামের দি কিং অব আনোয়ারা কনভেনশন হলে অধ্যক্ষ আবু তাহের স্মারকগ্রন্থ ‘স্মৃতিতে অম্লান’-এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আনোয়ারা উপজেলা জামায়াতের আমির বীর মুক্তিযোদ্ধা মাস্টার আবদুল গনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ শাহজাহান।

তিনি বলেন, ‘অধ্যক্ষ আবু তাহের আন্তর্জাতিক মানের নেতা ছিলেন, যিনি মধ্যপ্রাচ্য ও ইউরোপেও দ্বীনের দাওয়াত পৌঁছে দিয়েছেন। দলমত নির্বিশেষে তিনি সবার কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন।’

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, ‘অধ্যক্ষ আবু তাহের ছিলেন ছাত্রশিবিরের প্রতিষ্ঠাতা ও সাবেক কেন্দ্রীয় সভাপতি। তিনি তাফসির মাহফিলের মাধ্যমে কওমি ও আলিয়া ঘরানার আলেমদের সমন্বয় করে ধর্মীয় রাজনীতির সব বিভেদ দূর করতে সক্ষম হয়েছিলেন।’

চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ জহিরুল ইসলাম ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমির নজরুল ইসলাম তার নির্লোভ রাজনৈতিক ক্যারিয়ার ও জ্ঞানচর্চার প্রতি গভীর অনুরাগের কথা স্মরণ করেন। জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী তাকে আদর্শিক দায়িত্বশীলের অনুপম ব্যক্তিত্ব হিসেবে আখ্যায়িত করেন।

সিরাজুল ইসলাম, মোহাম্মদ আবুল হাছান খোকা ও মোহাম্মদ হাবীবুল্লাহর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী চট্টগ্রামের টিম পরিচালক অধ্যাপক জাফর সাদেক, জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতা এবং বিশিষ্ট ব্যক্তিরা। সভা শেষে চট্টগ্রাম মহানগরীর আমির মোহাম্মদ নজরুল ইসলামের পরিচালনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।