লক্ষ্মীপুরের রায়পুরে নিয়মবহির্ভূতভাবে সার মজুতের অভিযোগে, আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য ফারুক শেখের গোডাউনসহ চারটি স্থানে অভিযান চালিয়েছে উপজেলা কৃষি বিভাগ। অভিযানে বিভিন্ন ধরনের ৬০ বস্তা সার জব্দ করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আট নম্বর দক্ষিণ চরবংশী ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলামের নেতৃত্বে অভিযানে ফারুক শেখের গোডাউনসহ তিনটি সারের দোকানে তল্লাশি চালানো হয়।
কৃষি অফিস সূত্রে জানা যায়, অভিযানের সময় দোকান ও গোডাউনে মজুত করা বিভিন্ন ধরনের সারের মজুত যাচাই করা হয়। পরে নিয়মবহির্ভূতভাবে মজুত করা ৬০ বস্তা সার জব্দ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম জানান, অবৈধভাবে সার মজুত ও বিক্রির অভিযোগে তিনটি দোকান ও একটি গোডাউনে অভিযান চালানো হয়েছে। অভিযানে ৬০ বস্তা বিভিন্ন ধরনের সার জব্দ করা হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।



