গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে হত্যার পর লাশ উদ্ধার করতে প্রতিবেশীকে ফোন দিয়ে অনুরোধ করেন স্বামী। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তালাবদ্ধ ঘর থেকে ঝর্ণা আক্তার নামে ওই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ এপ্রিল) রাত ১১টার দিকে শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা গ্রামের জংলাপাড়া এলাকার মাসুদ মিয়ার বাড়ি থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
নিহত ঝর্ণা আক্তার একই গ্রামের হামিদুল ইসলামের মেয়ে। দুই বছর আগে পারিবারিক অমতে অপু নামে এক যুবকের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামীকে নিয়ে জংলাপাড়া এলাকায় মাসুদ মিয়ার বাড়িতে তারা ভাড়া থাকতেন।
নিহতের পরিবার জানায়, দুই বছর আগে পারিবারিক সিদ্ধান্তের বাইরে গিয়ে অপু নামে এক যুবককে বিয়ে করে ঝর্ণা। এরপর পর থেকে ঝর্ণার সাথে পারিবারিক কোনো সম্পর্ক ছিল না। স্বামীকে নিয়ে বাড়ির আশপাশে ভাড়া থাকতো তারা। স্বামী তাকওয়া পরিবহনে মিনিবাস চালক ছিলেন বলে জানতেন।
বাড়ির মালিক লাভলী আক্তার বলেন, শনিবার সন্ধ্যায় ঝর্ণা-অপু দম্পত্তির আগের বাড়ির প্রতিবেশী তানিয়াকে মোবাইল ফোনে ঝর্ণাকে হত্যার বিষয়টি জানায়। পরে বিষয়টি পুলিশকে জানালে তারা লাশ উদ্ধার করে।
শ্রীপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, খবর পেয়ে ঘরের তালা ভেঙে নারীর লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



