রাণীশংকৈল( ঠাকুরগাঁও) সংবাদদাতা
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইয়াবাসহ খালেদ হাসান মিলন নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাতে উপজেলার নেকমরদ এলাকার পারকুন্ডা থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, রাণীশংকৈল থানা পুলিশের একটি দল নেকমরদ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে পারকুন্ডা এলাকার মিলন মাহমুদকে তল্লাশি করা হলে তার কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সাতটি পাওয়া যায়।
জানা গেছে, মিলন দীর্ঘদিন যাবত মাদকের সাথে জড়িত। তার কারণে এলাকায় মাদকের বিস্তার লাভ করেছে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। তাকে আজ আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি মন্তব্য করেন।



