বোদা (পঞ্চগড়) সংবাদদাতা
আগামী ২ এপ্রিল থেকে পঞ্চগড়ের বোদা উপজেলার মোটরসাইকেল চালকদের ফুয়েল কার্ড ছাড়া জ্বালানি তেল দেয়া হবে না।
সোমবার (৩০ মার্চ) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন বোদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রবিউল ইসলাম।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনার আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেবলমাত্র বৈধ কাগজপত্রধারী মোটরসাইকেল চালকদের ফুয়েল কার্ড প্রদান করা হবে।
এবিষয়ে এক নির্দেশনায় বলা হয়েছে, বোদা উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার বৈধ মোটরসাইকেল চালকদের আগামীকাল মঙ্গলবার থেকে অফিস চলাকালীন সময়ে উপজেলা পরিষদ হলরুমে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিয়ে ফুয়েল কার্ড সংগ্রহ করতে হবে।
চালকদের এক কপি পাসপোর্ট সাইজের ছবি, বৈধ রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স ও ট্যাক্স টোকেনসহ অন্যান্য কাগজপত্র সঙ্গে আনতে হবে। এছাড়া ফুয়েল কার্ড সংগ্রহের জন্য কোনো প্রকার অর্থ প্রদানের প্রয়োজন হবে না বলেও জানিয়েছে উপজেলা প্রশাসন।
আগামী ২ এপ্রিল থেকে নির্ধারিত এই ফুয়েল কার্ড ছাড়া কোনো মোটরসাইকেল চালককে পাম্প থেকে জ্বালানি তেল দেয়া হবে না বলে স্পষ্ট করে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



